নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের অভিযানে মোবাইল ফোনে জুয়া খেলা, গভীর রাত পর্যন্ত অযথা ঘোরাফেরা, পড়াশোনা বাদ দিয়ে বাজারে আড্ডা দেওয়া এবং গাঁজা সেবনসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত একদল কিশোরকে আটক করা হয়।
গতরাত (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব কিশোরকে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আটক কিশোরদের শপথ পড়ানো হয়। তারা ভবিষ্যতে জুয়া, মাদক সেবন, গভীর রাতে অযথা ঘোরাফেরা, বাজারে আড্ডা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শপথ নেয়। পাশাপাশি নিয়মিত পড়াশোনা করা ও অভিভাবকদের কথা মেনে চলার অঙ্গীকার করে। শপথ গ্রহণের পর কিশোরদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানায়, কিশোরদের অপরাধপ্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও রাতের সময় বাইরে থাকার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কিশোরদের অপরাধের পথে যাওয়া ঠেকাতে শুধু শাস্তি নয়, তাদের ভুল বুঝিয়ে সংশোধনের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.