নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে চোর আখ্যা দিয়ে কবির হোসেন (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৎক্ষণাৎ যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ ও এসআরবি-১১, জব্দ করা হয়েছে একটি অটোরিকশা ও ১০হাত লম্বা একটি রশি।
বুধবার দুপুরে সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
আটককৃতরা হচ্ছেন, আলা উদ্দিন মুন্সি (২৮), ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও তারেক (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোনাপুর বাজারের একটি প্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী কবির হোসেনকে আটক করে অভিযুক্তরা। পরে বিদ্যুতের খুটির সাথে রশি দিয়ে তাকে গাছের সাথে বেঁধে লাঠি ও কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় উদ্ধার করতে আসলে কবিরের মাকেও মারধর করে অভিযুক্তরা। পরে কবিরকে নোয়ান্নই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে একটি অটোরিকশা দিয়ে অভিযুক্তরা তাকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যায়। সন্ধ্যায় সেখানেই মারা যায় কবির হোসেন। পরের স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের মা কমলা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.