নোয়াখালীর বেগমগঞ্জে ৯ বছরের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.