নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম শুল্লকিয়া এলাকায় মুখে বিষ দিয়ে ব্যবসায়ী মো. সোহেলকে (২৮) হত্যা করা হয়েছে অভিযোগ এনে লাশ পুনরায় ময়না তদন্তের জন্য আদলতে আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম। আবেদনটি আমলে নিয়ে আদালতের নির্দেশে দাফনের ৩মাস ৬দিন পর সোহেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামুল হাফিজ নাদিম, সুধারাম মডেল থানা পুলিশ ও নিহতের স্বজনদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, লাশ পুনরায় ময়না তদন্তের জন্য মামলার বাদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আবেদনের ভিত্তিতে দুপুরে কবর থেকে সোহেলের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোহেল হত্যা মামলায় নূর মোহাম্মদের ছেলে ফারুক হোসেনসহ দুই আসামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ৩আগস্ট সোমবার দিবাগত রাতে পশ্চিম শুল্লকিয়া গ্রামের নূর পাটোয়ারীহাটের ব্যবসায়ী সোহেল তার ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অচেতন হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যবসায়ী লেনদেন ও পূর্ব বিরোধের জের ধরে নূর মোহাম্মদ নামের বাজারের একজন ব্যবসায়ী সোহেলকে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে এমন অভিযোগ এনে পরদিন মঙ্গলবার সকালে নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে ৩জনকে আসামী করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.