হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির
- আপডেট সময় : ১২:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

হাদি হত্যাকান্ডে আসল খুনিদের বিচার দাবি না করে এনসিপি ও জামায়াত-শিবির উদ্দেশ্য প্রনোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, ‘সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার সময় এসেছে। নোয়াখালীতে ব্যাপকহারে মেডিকেল ক্লিনিক গুলো যেভাবে বাড়তেছে তারা শুধুমাত্র জ্বরের ওষুধ ও সিজার অপারেশন করা ছাড়া আর কিছুই করতে পারেনা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে এমন কিছু লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে যাদের শিক্ষক হওয়ার কোন যোগ্যতাই নেই। এছাড়া তিনি হাতিয়ার একটি ধর্ষণের ঘটনায় মিথ্যা কাহিনী বানিয়ে একটি জনপ্রিয় দলকে কলুষিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। হাতিয়ার ওই ধর্ষণের ঘটনা মিথ্যা প্রমাণিত হলে আমি এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করব।’
তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী জেলা হিসেবে নোয়াখালীর অনেক সমস্যা রয়েছে। এখানকার নদীভাঙন, শিক্ষা-চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বিমানবন্দর স্থাপন, রেল সংযোগ ও ট্রেনের মানোন্নয়নসহ অনেক স্তরে ব্যাপক উন্নয়ন দরকার। এজন্য সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন মন্ত্রীদের জেলায় আমন্ত্রণ জানিয়ে এর সুরাহা করা হবে।’
নাছির উদ্দীন আরও বলেন, ’বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সৎ রাজনীতিবিদ। তিনি কোনো অনিয়ম ও দুর্নীতি পছন্দ করেন না। আমাদের জেলার দুর্নীতির অনুসন্ধানী খবরগুলো সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হবে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিনুল ইসলাম হারুন, সাংবাদিক বোরহান উদ্দিন, সামছুল হাসান মীরণ, লিয়াকত আলী খান, সাইফুল্যাহ কামরুল, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদক মাহমুদ ফয়সাল, মোহনা টিভি ও সকালের সময় প্রত্রিকার মোহাম্মদ সেলিম, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, শাহাদাত হোসেন বাবু ও জাহিদুর রহমান প্রমুখ।
এরআগে জাতীয় নির্বাচনের আগে ঢাকায় হাদি হত্যা হত্যাকান্ড ও নির্বাচন পরবর্তী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ করে এনসিপি। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


















