কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কবিরহাট, নোয়াখালীর আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমেল বড়ুয়া, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু’সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমূখ।
এছাড়াও কর্মশালায় জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য।
এসময় উক্ত কর্মশালায় উপস্থিত আলোচকরা গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করে আগামী দিনে সরকারের উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ প্রদান করেছেন।












