শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২
- আপডেট সময় : ০৯:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারগামী একটি শিক্ষাসফরের বাস। এতে মাদ্রাসার এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষক সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই শিক্ষাসফরে থাকা অন্য একটি বাসের যাত্রীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-
শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে বের করেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















