দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী প্রাহিমুল হক তুহিন (২৪) নামে আরও এক তরুণ গুরুত্বর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরিফ হোসেন (২৪) উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের গুনবলির বাড়ির আব্দুল মান্নানের ছেলে এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুজ জাহের স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাস্তার পাশে মালামাল নামানোর জন্য একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই সময় উপজেলার মান্নান নগর থেকে আরিফ ও তুহিন মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। তুহিনকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


















