নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:১৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে সিএনজিযোগে গাঁজা পাচারকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাতেমা আফরিন মনিকে (৩৫) তার এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় একটি টিম সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজার এলাকার জিয়া ফার্মেসীর সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী ফাতেমা আফরিন মনি (৩৫), স্বামী নূর মোহাম্মদ, সাং সাহাপুর (গনি মিয়ার বাড়ি) নোয়াখালী পৌরসভা এবং তার সহযোগী মো. সুমন (৩৪), পিতা- মৃত জাকির হোসেন, সাং- মাধবসিংহ, রাজগঞ্জ ইউপি, থানা বেগমগঞ্জ জেলা- নোয়াখালী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই আসামিকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









