দেশে করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছেন ৬ লাখেরও বেশি মানুষ
- আপডেট সময় : ১২:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ৪৬৭৭ বার পড়া হয়েছে

ছবি: ইন্টারনেট
দেশে করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় গত ২৮ ডিসেম্বর থেকে। এখন পর্যন্ত দেশে ৬ লাখ ১৪ হাজার ৭৬৩ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ৯০০ জনকে। শনিবার (১৫ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
এদিকে গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ৩০৪ জনসহ ঢাকা বিভাগে ১৮ হাজার ৫৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৯৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৩৫১ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ১৯০ জন, রংপুর বিভাগে ৫ হাজার ২১১ জন, খুলনা বিভাগে ৫ হাজার ৭৯২ জন, বরিশাল বিভাগে ৮৪৮ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।
















